আইনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি?
আইনবিজ্ঞানের কোন ব্যবহারিক প্রয়োগ দেখা যায় না কিন্তু আইন প্রয়োগ কালে এর তাত্ত্বিক বিশ্লেষণে আইনবিজ্ঞান এর প্রয়োজন হয়। তাই আইনবিজ্ঞান পাঠের প্রত্যক্ষ প্রয়োগ না হলেও এর বাস্তব মূল্য অপরিসীম। এগুলি মূলত নিম্নরূপঃ
প্রথমতঃ আইনের মৌলিক ধারণাসমূহ বিশ্লেষণ করে আইনবিজ্ঞান। তাই অধ্যাপক হল্যান্ড, আইনবিজ্ঞান কে 'আইন শিক্ষার ব্যাকরন' হিসাবে আখ্যায়িত করেছেন। আইনবিজ্ঞান পাঠ করলে আইনের মূলনীতি ও উদ্দেশ্য সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব হয়। তাই অবৈধ কার্য, আইনগত ক্ষতি, অভিপ্রায়, শাস্তি ইত্যাদি সম্পর্কে আইনবিজ্ঞান যেরুপ বিশ্লেষণ করে সেগুলো আয়ত্ত করলে একজন আইনের ছাত্র কোন আইনগত সমস্যা সমাধানের ক্ষেত্রে চিত্তাকর্ষক যুক্তি প্রদর্শনের কলাকৌশল আয়ত্ত করতে পারে। কাজেই একজন সুদক্ষ আইনজীবী বা আইনবিদ হতে হলে আইনবিজ্ঞান পাঠের প্রয়োজন।
দ্বিতীয়তঃ সামাজিক শৃঙ্খলা রক্ষা করা এবং মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য আইন গৃহীত হয় বা প্রণীত হয়। স্যামন্ড বলেন, "দেশের আইন কাঠামোর উপর প্রয়োজনীয় আলোকপাত করা হলো আইনবিজ্ঞান পাঠের মুখ্য উদ্দেশ্য।" একটি দেশের আইন সভা বা আইন প্রণেতাগণ আইনবিজ্ঞানের মৌলিক সূত্রগুলির উপর ভিত্তি করে দেশের জন্য বিজ্ঞানসম্মত আইন প্রণয়নে সচেষ্ট হন। কাজেই আইন প্রণয়নের ক্ষেত্রে আইনবিজ্ঞানের ভূমিকা যথেষ্ট। নতুন কোনো আইন প্রণীত হলে এর কার্যকরিতা কিরূপ হবে এবং ইহা কিভাবে ব্যবহৃত হতে পারে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আইনবিজ্ঞান যথার্থভাবে পাঠ করতে হবে।
তৃতীয়তঃ আইনবিজ্ঞান পাঠ করে এক ব্যক্তি সচেতন নাগরিক হতে পারে। প্রত্যেক ব্যক্তির কিছু সামাজিক দায়িত্ব ও অধিকার আছে। একজনের অধিকার প্রয়োগ করতে গিয়ে অন্যের অধিকার যেন লঙ্ঘিত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা দরকার। আইনবিজ্ঞান এরুপ প্রয়োজনীয় জ্ঞান দেয়।
চতুর্থতঃ বিচার প্রশাসন আইনবিজ্ঞানের এক অন্যতম বিষয় বিধায় বিচার কার্যে নিয়োজিত ব্যক্তিদের আইনবিজ্ঞান অধ্যায়নের প্রয়োজন। শাস্তির উদ্দেশ্য কি এবং বিভিন্ন প্রকার শাস্তির প্রয়োজনীয়তা ও কার্যকরীতা সম্পর্কে সম্যক ধারণা পেতে হলে আইনবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। একজন ভালো বিচারক হতে হলে তাকে অবশ্যই একজন ভালো আইন বিজ্ঞানী হতে হবে।
পঞ্চমতঃ এই শাস্ত্র অধ্যয়ন এর দ্বারা মানুষের মন আইনগত চিন্তাধারার প্রতি উদ্বুদ্ধ হয়। তাই আইনের গবেষণার ক্ষেত্রে আইনবিজ্ঞান যথেষ্ট ভূমিকা রাখে। এ জন্য আইন শাস্ত্র গবেষকদের জন্য আইনবিজ্ঞান পাঠ করা অত্যাবশ্যকীয়।
ষষ্ঠতঃ আইনবিজ্ঞান যেহেতু আইনের ব্যাকরণ,চক্ষু ও অভিধানস্বরুপ যেহেতু আইনের যথার্থ জ্ঞান লাভ করতে হলে প্রথমে আইনবিজ্ঞানের জ্ঞান অর্জন করা প্রয়োজন।
পরিশেষে ইহা নিঃসন্দেহে বলা যেতে পারে যে, আইনবিজ্ঞান শুধু যথার্থ আইনবিদ, বিচারক, আইন গবেষক ও সচেতন নাগরিক হতে সাহায্য করে না তাই নয় এই শাস্ত্র পাঠে লব্ধ জ্ঞান সমগ্র আইনগত, রাজনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করতে পারে।

Post A Comment:
0 comments: