তথ্য সূত্রঃ দৈনিক পূর্বাঞ্চল (জুন ১৯, ২০২০)
৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে বিএমএ’র কর্মবিরতি স্থগিত
স্টাফ রিপোর্টারঃ নগরীর গল্লামারী রাইসা ক্লিনিকের পরিচালক ও বাগেরহাট ম্যাটস-এর অধ্যক্ষ ডা: আব্দুর রকিব খান হত্যা মামলার প্রধান আসামীসহ সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে আব্দুর রহিম(৩৮) নামের একজনকে গতকাল বৃহস্পতিবার তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। অপর আসামী খাদিজা(৪৫) গতকাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো: শহীদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
এদিকে, ডা: রকিব খান হত্যার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ঘোষিত ধর্মঘট গতকাল দুপুর থেকে স্থগিত করা হয়েছে। দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলা হয়, এর মধ্যে মামলার অপর আসামী গ্রেফতার ও খুলনা থানার ওসিকে প্রত্যাহার না করা হলে আবারো কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিএম মনিরুজ্জামান বলেন, ডা: রকিব খান হত্যা মামলায় গতকাল পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী ও খুলনার রূপসা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জমির, আবুল আলী, গোলাম মোস্তফা ও খাদিজাকে গ্রেফতার করা হয়। এছাড়া আগেই আব্দুর রহিম নামে একজনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত খাদিজা (৪৫) গতকাল ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ধারায় এ জবানবন্দি রেকর্ড করেন। অপর আসামি আব্দুর রহিম (৩৮)কে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শুনাণী শেষে তার তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল ইসলাম।
অপরদিকে, খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে গতকাল দুপুরে খুলনা বিএমএ আয়োজিত সংবাদ সম্মেলন থেকে খুলনা বিএমএ’র আজীবন সদস্য ডা. মোঃ আব্দুর রকিব খান হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিনজন আসামী গ্রেফতার হওয়ায় করোনা মহামারী বিবেচনায় শর্ত সাপেক্ষে খুলনা বিএমএ’র সকল কর্মসূচি ৭২ ঘন্টার জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় বর্ণনা করেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ ও খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনূর রশিদ, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, কার্যকরী পরিষদের সদস্য ডা. ইউনুচ উজ্জামান খাঁন তারিম, ডা. দেবনাথ তালুকদার রনি, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, খুলনা বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ এর সাধারণ সম্পাদক ডা. মোঃ সওকাত আলী লস্কর নিহত ডা. মোঃ আব্দুর রকিব খাঁন এর ছোট ভাই বয়রা সরকারী কলেজের শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলন থেকে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের পূর্বের ন্যায় সুরক্ষিত থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার আহবান জানান হয়। এর আগে খুলনা বিএমএ’র কার্যকরী পরিষদ গঠিত আন্দোলন পরিচালনা কমিটির বিশেষ সভা খুলনা বিএমএ’র কাজী আজহারুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় তিন দফা শর্তে বিএমএ’র আন্দোলন ৭২ ঘন্টা স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। শর্তগুলো হচ্ছে, এজাহারভুক্ত ও জড়িত সকল আসামীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে এবং মামলাটি অধিকতর গুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত বিবেচনায় আইনে এই মামলার বিচার সম্পন্ন করে আসামীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
ইসলামী আন্দোলনের নিন্দা ঃ খুলনা গল্লামারী রাইসা ক্লিনিকের মালিক ডাঃ রকিবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।
তারা বলেন, কোন কাজ করতে গেলে ভুল হতে পারে কিন্তু কাউকে মেরে ফেলতে হবে এটা কারো কাম্য নয়, দেশে একের পর এক হত্যাকা- হতে চলছে এর কোন বিচার না পাওয়ায় সন্ত্রাসীরা এরকম অঘটন একের পর এক করে যাচ্ছে। ডাঃ রকিবের গ্রেফতারকৃত আসামীদের সঠিক তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ প্রচার আব্দুর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মুফতী আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, সহ প্রশিক্ষণ মাওঃ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক মাওঃ ইমরান হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম প্রমুখ।

Post A Comment:
0 comments: