তথ্য সূত্রঃ দৈনিক পূর্বাঞ্চল (জুন ২০, ২০২০

স্টাফ রিপোর্টারঃ নগরীর গল্লামারীর রাইসা ক্লিনিকের পরিচালক ও বাগেরহাট ম্যাটস-এর অধ্যক্ষ ডা: আব্দুর রকিব হত্যা মামলার প্রধান আসামী জমির শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শুক্রবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদ তার জবানবন্দি রেকর্ড করেন। অপর দুই জন আসামি আবু আলী ও গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাদের থানা হাজতে নেওয়া হয়। এর আগে, বৃহস্পতিবার আদালত আসামি আ: রহিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি এখন খুলনা থানায় পুলিশ রিমান্ডে রয়েছেন।

ডা: রকিব

ডা. রকিব খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিএম মনিরুজ্জামান এসব তথ্য জানান। এর আগে গত ১৫ জুন রাতে গল্লামারী রাইসা ক্লিনিকের সামনে মোহম্মদনগর এলাকার এক মৃত রোগীর স্বজনদের হামলায় আহত হয়ে ডা: রকিব খান পরদিন ১৬ জুন সন্ধ্যায় খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ডা. রকিব খান হত্যা মামলার প্রধান আসামী জমির শুক্রবার ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হন। অপর দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জবানবন্দি শেষে জমিরকে কারাগারে পাঠানো হয়।

এসআই মনিরুজ্জামান আরও জানান, গত বৃহস্পতিবার মামলার আসামি খাদিজা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়েছেন। এ ঘটনার সময় তিনি নিজে উপস্থিত ছিলেন বলেও স্বীকার করেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, কেএমপির লবণচরা থানাধীন মোহাম্মদ নগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে ১৪ জুন সিজারের জন্য রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৫টায় অপারেশন হয়। বাচ্চা ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ হলে ১৫ জুন সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানের চিকিৎসকরাও রোগী রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে ১৫ জুন রাতে শিউলী বেগম মারা যান।


এ ঘটনায় নিহত রোগীর স্বজনরা ১৫ জুন রাত ৮টা ৫০ মিনিটের দিকে ডা. রকিবকে লাথি ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথার পেছনে জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে ১৬ জুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৭ জুন নিহতের ছোট ভাই খুলনা মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম বাদি হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। ওই মামলায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।
Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: