তথ্য সূত্রঃ দৈনিক পূর্বাঞ্চল (জুন ১৭, ২০২০)

স্টাফ রিপোর্টারঃ রোগীর স্বজনদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নগরীর গল্লামারীর রাইসা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক এবং বাগেরহাটের মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের(ম্যাটস) অধ্যক্ষ ডা: মো: আব্দুর রকিব খান(৫৯)। গতকাল মঙ্গলবার নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তার মৃত্যু হয়। সোমবার রাতে তাকে রাইসা ক্লিনিকের সামনে কেএমপির লবণচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার এক রোগীর স্বজনা মারধোর করে। পরে তাকে মূমূর্ষু অবস্থায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, গল্লামারী মোহাম্মদ নগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে ১৪ জুন সিজারের জন্য রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৫টায় অপারেশন হয়। নবজাতক ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ হলে সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানের চিকিৎসকরাও রোগী রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে ওইদিন রাতে শিউলী বেগম মারা যান। পরে রোগীর স্বজনরা এম্বুলেন্স ঘুরিয়ে রাইসা ক্লিনিকের সামনে এসে রোগী দেখানোর নাম করে ডা: রকিবকে নিচে ডেকে আনেন। তিনি রোগী দেখে মৃত্যুবরণ করেছেন বলে উপরে উঠে যাওয়ার সময় কয়েকজন তাকে ধরেই কিলঘুষি দিয়ে মাটিতে লুটিয়ে ফেলেন। রাইসা ক্লিনিকের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় ডা: রকিবের মাথা ধরে দেয়ালের সাথে ধাক্কা দেয়া হয়। এতে তাৎক্ষণিক তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে খুলনা থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল বলেন, আবু নাসের হাসপাতাল থেকে দেয়া মৃত্যু সনদপত্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। তার পরেও নিহতের স্বজনরা লাশের ময়না তদন্ত করানোর সিদ্ধান্ত নিয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া এবং মামলা দায়েরের পরই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
তবে আবু নাসের হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বিধান চন্দ্র গোস্বামী বলেন, মাথায় আঘাতের কারণে তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে। লাশ নিহতের বাড়িতে নেওয়া হয়েছে।


খুলনা বিএমএ’র নিন্দাঃ খুলনা বিএমএ’র আজীবন সদস্য বাগেরহাট ম্যাটস এর অধ্যক্ষ ডা. মোঃ আব্দুর রকিব খাঁনকে তার হাসপাতালে কর্মরত অবস্থায় সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় খুলনা বিএমএ’র পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খুলনা বিএমএ’র পক্ষ থেকে আজ বুধবার দুপুর ১ টায় নগরীর সাতরাস্তা মোড়স্থ শহীদ ডা. মিলন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও কালো ব্যাচ ধারণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় শাস্তি নিশ্চিত করা না হলে আজ খুলনা বিএমএ’র কার্যকরী পরিষদের সভা থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আজ দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবে খুলনা বিএমএ’র পক্ষ থেকে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে। আজকের সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হতে পারে।

বিপিএইচসিডিওএঃ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনাস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), খুলনা জেলা শাখার সদস্য প্রতিষ্ঠান রাইসা ক্লিনিক এন্ড ডায়াগনাস্টিক সেন্টারে অফিস সময়কালিন বাদে কর্তবরত চিকিৎসক ডা. মো: আব্দুর রকিব খান রোগীর স্বজনদ্বারা সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করায় বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা গভীরভাবে শোকাহত। সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে চিকিৎসক হত্যার বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা’র সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সহ-সভাপতি ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল, ডা. মোল্ল্যা হারুন-অর-রশীদ, সাধারণ সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর, যুগ্ম-সম্পাদক ডা. এম. বি. জামান, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. গৌতম রায়, দপ্তর সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।

ড্যাবের নিন্দাঃ ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) খুলনা মেডিকেল কলেজ শাখার সভাপতি ও ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা: সেখ আখতারুজ্জামান ও খুমেক হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা: আবু জাফর মো: সালেহ পলাশ এক যুক্ত বিবৃতিতে ডা: মো: আব্দুর রকিব খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সরাসরি পত্রিকায় পড়তেঃ
Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: