দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুক্ষিণ হয়ে আইনগত সহায়তা (পুলিশি) প্রয়োজন হয়। জিডি (G.D) বা সাধারণ ডায়েরি হলো আইনগত সহায়তা প্রাপ্তির অন্যতম মাধ্যম। সাধারণত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (G.D) করা হয়। সাধারণ ডায়েরি (G.D) করার পর পুলিশ অফিসার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনবোধে মামলাযোগ্য বিষয় হলে উক্ত সাধারণ ডায়েরি (G.D) কে মামলা হিসেবে গ্রহণ করতে পারেন।

সাধারণ মানুষের G.D সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে আইনগত সহায়তা পাওয়ার জন্য বিভিন্ন হয়রানীর শিকার হতে হয়। সাধারণ মানুষের আইনি সহায়তার কথা চিন্তা করে কখন, কোথায়, কিভাবে, কি কি কারণে সাধারণ ডায়েরি বা G.D করতে হয় তার আদ্যোপান্ত আলোচনা করা হলো।


০১. সাধারণ ডায়েরি (G.D) কি?

সাধারণ ডায়েরি (G.D):  শাব্দিক অর্থে সাধারণ ডায়েরি (ইংরেজীতে General Diary) এর সংক্ষিপ্ত রুপ হলো G.D বা জিডি ।

G.D হলো কোন বিষয়ের সাধারণ বিবরণ যা আইনগত সহায়তা প্রাপ্তিতে থানায় লিখিতভাবে ডিউটি অফিসারের (কর্তব্যরত) কাছে জমা দেওয়া  হয়।

অর্থ্যাৎ কোন প্রকারের অনাকাঙ্গিত ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিলে তা থানার পুলিশের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হচ্ছে সাধারণ ডায়েরি বা জিডি।

সাধারণ ডায়েরি করার অর্থ হচ্ছে কোন সমস্যা অপরাধে পরিণত হওয়ার আগে সংশ্লিষ্ট থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করা। জিডির মাধ্যামে আমরা ভবিষ্য সম্ভাব্য কোন ক্ষতি সম্পর্কে থানা কর্তৃপক্ষকে অগ্রিম অবগত করতে পারি।


০২. সাধারণ ডায়েরি (G.D) কেন করা হয়?

সাধারণ ডায়েরি (G.D) করার কারণঃ

  • থানায় মামলাযোগ্য নয় এমন ঘটনা ঘটলে
  • কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি দেওয়ায় যদি জীবন বা সম্পত্তির  নিরাপত্তার অভাব বোধ করলে
  • মূল্যবান কিছু (যেমনঃ পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ চেক/ দলিল/ মোবাইল ) হারিয়ে গেলে
  • কেউ নিঁখোজ হলে বা পালিয়ে গেলে
  • যে কোন অপরাধ বা ক্ষতি সংঘটনের আশঙ্কাজনিত কারণে


০৩. কোথায় ও কীভাবে সাধারণ ডায়েরি (G.D) করা হয়?

চিরাচরিত নিয়ম হিসেবে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাধারণ ডায়েরি (G.D) করতে হয়। থানার কর্তব্যরত অফিসার (ডিউটি অফিসার) একটি ডায়েরীতে জিডির নম্বরসহ বিভিন্ন তথ্য নথিভুক্ত করেন থাকেন। সাধারণ ডায়েরি বা জিডির দুই (০২) টি কপি করা হয়। একটি কপি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে অভিযোগকারীকে দেওয়া হয় এবং অন্যটি থানায় সংরক্ষণ করা হয়। প্রতিটি জিডির বিপরীতে একটি নম্বর দেয়া হয়, ফলে কোন অবৈধ প্রক্রিয়া মাধ্যমে কেউ আগের তারিখ দেখিয়ে জিডি করতে পারেন না। অভিযোগকারী নিজে অথবা থানার কর্তব্যরত কর্মকর্তা/ কর্মচারীর সাহায্য নিয়ে সাধারণ ডায়েরি (G.D) লিকতে পারেন।


👉 অনলাইনে জিডি করার জন্য আপনাকে প্রবেশ করতে হবেঃ https://gd.police.gov.bd লিংকে।


online GD


সাধারণ ডায়েরি বা জিডি করার জন্য যা যা প্রয়োজনঃ

  • আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর।
  •  আপনার সচল মোবাইল। 
  • আপনার লাইভ ছবি।


সাধারণ ডায়েরি (G.D) নমুনা

তারিখঃ......................................


বরাবর

ভারপ্রাপ্ত কর্মকর্তা

................................... থানা,

চট্টগ্রাম।


বিষয়ঃ .......................................... হারানো সংবাদ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন।


মহোদয়,

সবিনয় নিবেদন এই যে আমি নিম্নস্বাক্ষরকারী আপনার থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে জানাচ্ছি যে, আমার .......................................................... অদ্য সকাল/ দুপুর/ বিকাল আনুমানিক...................... ঘটিকার সময় ........................ রাস্তা দিয়ে পথচলাকালীন পথিমধ্যে হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পাওয়া যায়নি।

এমতাবস্থায় হারানোর বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে সদয় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

........................... (হারানো দলিলাদীর বিবরণ):

..............................................................................

..............................................................................

..............................................................................

..............................................................................


বিনীত নিবেদক,

স্বাক্ষর/-

নামঃ ..............................................................................

ঠিকানাঃ..............................................................................

মোবাইল নম্বরঃ..............................................................................


০৪. সাধারণ ডায়েরি (G.D) করার সুবিধা কি?

  • যে কোন সমস্যায় পুলিশের সাহায্য পাওয়া যায়
  • নাগরিক সেবা নিশ্চিত হয়
  • নাগরিকের জান-মালের রক্ষা নিশ্চিত করা
  • কোন কাগজপত্র হারিয়ে গেলে এর কপি তুলতে জিডি করতে হয়
  • কোন মালপত্র হারিয়ে গেলে জিডি করতে হয়
  • কেউ নিখোঁজ হলে জিডি করতে হয়

      এক কথায় গুরুত্বপূর্ণ দলিলাদী হারিয়ে গেলে তার ডুপ্লিকেট কপি উত্তোলনে জিডির বাধ্যবাধকতার পাশাপাশি ভবিষ্যৎ অনাকাঙ্গিত ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিলে তা থানার পুলিশের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরি বা জিডির গুরুত্ব অপরিসীম।


০৫. সাধারণ ডায়েরি (G.D) করার যোগ্যতা কি?

  • সেবা প্রাপ্তির যোগ্যতাঃ বাংলাদেশের যে কোন নাগরিক
  • কাগজপত্রঃ আবেদনপত্র
  • খরচঃ বিনামূল্যে
  • সময়ঃ ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ৭ দিন
Hamim LAW Academy

Hamim LAW Academy

Online School of Law, Bangladesh. Online Law Learning Platform.

Post A Comment:

0 comments: