অদ্য ১৮ জুলাই, ২০২৩ইং রোজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে "বিশেষ সুবিধা" প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রকাশিত প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ সুবিধার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সরকারি চাকরিরতদের জন্য ন্যূনতম ১০০০ (এক হাজার) টাকা ও পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৫০০ (পাঁচশত) টাকা হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। উক্ত প্রঞ্জপন অনুসারে উল্লেখিত বিশেষ সুবিধাটি ১ জুলাই ২০২৩ তারিখ হতে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনটি নিম্নে উপস্থাপন করা হলোঃ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ১৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসরকারি, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীদের এ বছরের ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে "বিশেষ সুবিধা" প্রদান করা হলো। এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম এক হাজার (১০০০) টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে নূন্যতম পাঁচশত (৫০০) টাকা হারে প্রদান করা হবে।
"বিশেষ সুবিধা" কার্যকরের ধাপসমূহঃ
ক) চাকরিরত কর্মচারীরা ১ জুলাই ২০২৩ তারিখ থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে, তবে ১ হাজার টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন;
খ) পুনঃস্থাপনকৃত পেনশনারাসহ সরকার থেকে পেনশন গ্রহণকারীরা প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য নিট পেনশনের ওপর ৫ শতাংশ হারে, তবে ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা প্রাপ্য হবেন;
গ) অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপরিউক্ত হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন;
ঘ) যে সব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের ১০০ শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এ ‘বিশেষ সুবিধা’ প্রযোজ্য হবে না;
ঙ) জাতীয় বেতনস্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে, এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন;
চ) সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের ৫০ শতাংশের (অর্ধেক) ওপর ৫ শতাংশ হারে এ ‘বিশেষ সুবিধা প্রাপ্য হবেন;
ছ) বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এ ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন না।


Post A Comment:
0 comments: