প্রশ্ন- ০১ঃ সাক্ষ্য কাকে বলে?
উত্তরঃ সাক্ষ্য আইনের ৩ ধারায় সাক্ষ্যকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।
সাক্ষ্য (Evidence): যে সকল দলিল, বস্তু এবং বিবৃতি উপস্থাপন করে আদালত কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করে থাকেন তাকেই সাক্ষ্য বলা হয়।
প্রশ্ন- ০২ঃ সাক্ষ্য কত প্রকার ও কি কি?
উত্তরঃ সাক্ষ্য আইনের ৩ ধারায় সাক্ষ্যকে দুইভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
১. মৌখিক সাক্ষ্য (Oral Evidence) এবং
২. দালিলিক সাক্ষ্য (Documentary Evidence)।
১. মৌখিক সাক্ষ্য (Oral Evidence): আদালত কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমানের জন্য সাক্ষীর নিকট হতে যে বিবৃতি (Statement) বা জবানবন্দি গ্রহণ করেন তাকেই মৌখিক সাক্ষ্য বলা হয়। [ ধারা ৬০ ]
২. দালিলিক সাক্ষ্য (Documentary Evidence): আদালতে উপস্থাপনের জন্য যে সকল দলিল দাখিল করা হয়, সেই সকল দলিলকে দালিলিক সাক্ষ্য বলে। [ ধারা ৬১ ]
৬১ ধারা অনুযায়ী, কোন দলিলের বিবরণ প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। অর্থ্যাৎ দালিলিক সাক্ষ্য দুই প্রকার। যথাঃ
(ক) প্রাথমিক সাক্ষ্য (Primary Evidence) এবং
(খ) মাধ্যমিক সাক্ষ্য (Secondary Evidence)।
(ক) প্রাথমিক সাক্ষ্য (Primary Evidence): মূল দলিল আদালতে হাজির করাকেই প্রাথমিক সাক্ষ্য বলে। [ ধারা ৬২ ]
(খ) মাধ্যমিক সাক্ষ্য (Secondary Evidence): মূল দলিলের অনুলিপি বা প্রতিলিপি আদালতে হাজির করাকেই মাধ্যমিক সাক্ষ্য বলে। [ ধারা ৬৩ ]
কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা জেনে রাখা ভালোঃ
- দলিলের বিবরণ প্রমাণের জন্য উক্ত দলিলই হলো সর্বোত্তম সাক্ষ্য। দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে।
- ধারা ৬০ অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ (Direct) হবে। এজন্য শোনা সাক্ষ্য (Hearsay Evidence) গ্রহণযোগ্য নয়।
- ধারা ৬৪ অনুযায়ী ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে।
- কতিপয় খন্ডে বিভক্ত দলিলের প্রতিটি খন্ডই ঐ দলিলের প্রাথমিক সাক্ষ্য।
প্রশ্ন- ০৩ঃ একজন বোবালোক, অতিবৃদ্ধ বা অল্প বয়স্ক বালক কি আদালতে সাক্ষ্য দিতে পারে আলোচনা করো?
উত্তরঃ আদালতের বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমানের জন্য কোন বোবালোক আদালতের প্রশ্ন বুঝে ইশারা বা আকার ইঙ্গিতে কিংবা লিখিত জবাব দিতে সক্ষম হয় তবে আদালতে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। [ ধারা ১১৯]
আবার একজন অতি বৃদ্ধ বা অল্প বয়স্ক বালক আদালতের প্রশ্ন বুঝে যদি জবাব দিতে পারেন সেই ক্ষেত্রে তাদের সাক্ষ্যও গ্রহণযোগ্য হবে। [ ধারা ১১৮ ]
উপরিউক্ত সংজ্ঞাগুলো সম্পর্কে বিস্তর ধারণা নিতে নিম্নোক্ত ধারাগুলো ভাল করে পড়ে নিতে পারেন।
সাক্ষ্য আইন, ১৮৭২ এর ৩, ৬০, ৬১, ৬২, ৬৩, ১১৮ এবং ১১৯ ধারা।